বিনোদন
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের সরকারি অনুদান প্রস্তাব জমার সময়সীমা পুনরায় বাড়ানো হয়েছে।

সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা আবার বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকেরা এখন ২৭ এপ্রিল পর্যন্ত সিনেমার প্রস্তাব জমা দিতে পারবেন।

এর আগে এই প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত, পরে সেটি বাড়িয়ে ২২ এপ্রিল করা হয়।

গতকাল মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়ার উদ্দেশ্যে কাহিনি ও চিত্রনাট্য বাছাইয়ের প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট পেশাদার প্রতিষ্ঠান, লেখক ও চিত্রনাট্যকারদের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের প্যাকেজ প্রস্তাব আহ্বান করে গত ২৭ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বের সব শর্ত বহাল রেখে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

চলচ্চিত্র শিল্পে গতি ফেরাতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—মোট ৩২টি প্রস্তাবকে অনুদান দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মতামত দিন