সালমান শাহ হত্যা মামলায় নতুন তদন্তের নির্দেশ।
ঢালিউডের প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যে ফের নতুন মোড় এসেছে। রমনা থানাকে মামলাটি পুনঃতদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নিরপেক্ষভাবে ঘটনার সত্য উদঘাটন করা যায়।
১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার সাবেক স্ত্রী সামিরা হক মৃত্যুকে আত্মহত্যা দাবি করেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে সালমানের বাবা হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্ত শেষে সিআইডি সালমানের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করে। তবে রিভিশন মামলার ফলে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। ২০১৪ সালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি প্রতিবেদনে মৃত্যু অপমৃত্যু হিসেবে উল্লেখ করেন। সালমানের বাবা মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন নীলা চৌধুরী। ২০২০ সালে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিলে ২০২১ সালে মামলাটি নিষ্পত্তি করা হয়।
তবে ২০২২ সালে বাদীপক্ষ পুনরায় মামলা দায়ের করেন। তারা অভিযোগ করেন, প্রভাবশালী কিছু ব্যক্তির কারণে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বা অপমৃত্যু বলে গোপন করা হয়েছে। তাই এবার আদালত পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন।
সালমান শাহ ছোটপর্দা থেকে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ এবং ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। পরে তিনি শাবনূরের সঙ্গে ১৩টি সিনেমায় জুটি বাঁধেন। শেষ অভিনীত সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’।

মতামত দিন