গৃহকর্মী মামলার জবাবে পাল্টা আইনি লড়াইয়ে পরীমণি।
সন্তানের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে। চলতি মাসের শুরুতে এ ঘটনা ঘটলে ভুক্তভোগী পিংকি আক্তার প্রথমে রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন এবং পরে মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতে মামলা দায়ের করেন।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক নুরে আলমের আদালতে পরীমণি এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
সাইবার ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শুনানিতে পরীমণির পক্ষে অংশ নেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। এ সময় পরীমণি নিজেও আদালতে উপস্থিত ছিলেন।
এর একদিন আগে (২২ এপ্রিল) গৃহকর্মী পিংকি আক্তার তার বিরুদ্ধে মামলায় পরীমণিকে ১ নম্বর এবং সৌরভকে ২ নম্বর আসামি করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদীকে একটি শিশুর দেখাশোনার দায়িত্বে নিয়োগ দেওয়া হলেও বাস্তবে তাকে দুই শিশুর দেখভাল ও রান্নার কাজও করতে হতো। গত ২ এপ্রিল পরীমণি মেকআপ রুম থেকে বেরিয়ে মাদকাসক্ত অবস্থায় শিশুর ঘরে গিয়ে বাদীকে গালিগালাজ শুরু করেন এবং সন্তানের দুধ তৈরির বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন।
এছাড়াও, বাদী অভিযোগ করেন—জিডি দায়েরের পর তিনি তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলামের কাছে একাধিকবার জিজ্ঞাসা করলেও সঠিক কোনো জবাব পাননি এবং থানার পক্ষ থেকেও কোনো সহযোগিতা দেওয়া হয়নি। তাই সাক্ষীদের সঙ্গে পরামর্শ করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

মতামত দিন