বিনোদন
ছবি: সংগৃহীত

কাশ্মিরে পর্যটক হত্যা:ক্ষোভে ফুঁসছেন বলিউডের তারকারা।

কাশ্মিরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অনেক তারকা।

কেউ কেউ বলেছেন, এটা ক্ষমার অযোগ্য।

অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সঞ্জয় দত্তসহ অনেকেই শোকপ্রকাশ করার পাশাপাশি বিচার চেয়েছেন।

অক্ষয় কুমার এক্স (আগের টুইটার)-এ লিখেছেন, ‘পহেলগাঁওয়ে যেভাবে সন্ত্রাসীরা নিরীহ মানুষদের উপর হামলা চালিয়েছে, সেটা ভয়ঙ্কর। যারা মারা গেছেন, তাদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’

সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠাণ্ডা মাথায় মানুষ খুন করেছে ওরা। এটা ক্ষমার অযোগ্য। এবার চুপ করে থাকা যাবে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীকে বলব—ওদের যোগ্য শাস্তি দিন।’

হিনা খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘পহেলগাঁও কেন?’ ভিকি কৌশলও শোক জানিয়েছেন। লিখেছেন, ‘এই নির্মম হামলার শিকার হওয়া মানুষগুলোর পরিবারের কষ্ট ভাবলেই কষ্ট হয়।’

করণ জোহর লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা। প্রিয়জন হারানো পরিবারগুলোর জন্য প্রার্থনা।’ সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘এটা কাপুরুষোচিত হামলা। আমরা আমাদের সেনাবাহিনীর ওপর আস্থা রাখি।’

জাহ্নবী কাপুর জানিয়েছেন, এই ঘটনায় তিনি বাকরুদ্ধ। সোনু সুদ, অনুপম খের, রবিনা ট্যান্ডনসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

অনুপম খের লেখেন, ‘আজকের এই হত্যাকাণ্ড দেখে মন বিষণ্ণ। কিন্তু এর চেয়ে বেশি রাগ হচ্ছে। আমার ছবির মতো বাস্তবও একইভাবে রক্তাক্ত।’

ফারহান আখতার, কমল হাসান, মোহনলালসহ আরও অনেকেই এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।

মতামত দিন