বিনোদন
ছবি: সংগৃহীত

বিবাহবার্ষিকীর দিনেই সুখবর! ভক্তদের চমকে দিলেন কাজল আরেফিন অমি।

দেশের নাট্যাঙ্গনের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে দর্শকমনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি।

এরপর একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ পরিচালনা করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’-ই তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয়।

এদিকে, দেখতে দেখতে দাম্পত্য জীবনের নয় বছর পার করলেন এই নির্মাতা। মঙ্গলবার (২২ এপ্রিল) স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “৯ বছর একসাথে!”— এই শুভ মুহূর্তেই আরেকটি খুশির খবরও দিলেন তিনি।

প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন কাজল আরেফিন অমি। জীবনের এই বিশেষ সংবাদে বেশ উচ্ছ্বসিত তিনি। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অমি বলেন,
“আমাদের বেবি হবে। এখনো আমি জানি না ছেলে হবে না মেয়ে। ইনফ্যাক্ট, জিজ্ঞেসও করিনি। যেটাই হোক, আমি চাই—আমার সন্তান সুস্থভাবে জন্মাক, আর আমার ওয়াইফ যেন সুস্থ থাকে। সবার কাছে দোয়া চাই।”

প্রথম সন্তানের আগমন ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,
“এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। সন্তান হওয়ার পর হয়তো বুঝব, ফিলিংসটা আসলে কেমন। এখন একটু অন্য রকম লাগছে, কারণ ওয়াইফকে তো কখনো এভাবে দেখিনি। আমার মনে হচ্ছে, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।”

মতামত দিন