অসুস্থ হানিয়া আমির হাসপাতালে ভর্তি, ভক্তদের উদ্বেগ।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাসপাতালের ছবি ছড়িয়ে পড়তেই অনলাইন জগতে শুরু হয়েছে উদ্বেগ আর নানা জল্পনা।
তাকে কেন ভর্তি করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক ছবি ও ভিডিওতে হানিয়াকে বেশ ক্লান্ত এবং ফ্যাকাশে দেখাচ্ছিল বলে মন্তব্য করেছেন ভক্তরা। অভিনেত্রী একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে হিউস্টনে গিয়েছিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় হানিয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার ভক্তরা মন্তব্যে ভরে দিয়েছেন—‘হানিয়ার কী হয়েছে?’ ‘তিনি এখন কেমন আছেন?’—এমন প্রশ্নে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এদিকে অভিনেত্রীর পরিবার বা ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এতে ভক্তদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
‘মুঝে প্যায়ার হুয়া থা’ নাটকের এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এই শিল্পী উপমহাদেশজুড়েই ব্যাপক ভক্তগোষ্ঠী গড়ে তুলেছেন।
সম্প্রতি তিনি ভারতীয় পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ‘সরদার জি ৩’ সিনেমায় অভিনয় করেছেন, যা তার ক্যারিয়ারে আন্তর্জাতিক পদচিহ্ন হিসেবে আলোচনায় এসেছে।
অভিনয়ের পাশাপাশি হানিয়া নিয়মিত ফটোশুট ও সামাজিক মাধ্যমে সক্রিয়। নিজের জীবনের ব্যক্তিগত ও পেশাগত মুহূর্তগুলো তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
মতামত দিন