অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই।
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ডায়ান কিটন মারা গেছেন। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে দ্য গডফাদার চলচ্চিত্রে ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর অ্যানি হল, ফাদার অব দ্য ব্রাইড ও ফার্স্ট ওয়াইভস ক্লাবসহ একাধিক চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
অ্যানি হল সিনেমার জন্য ১৯৭৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জেতেন কিটন। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও হাত দেন তিনি। তার পরিচালিত প্রথম ছবি হেভেন মুক্তি পায় ১৯৮৭ সালে। এরপর আসে আনস্ট্রাং হিরোজ (১৯৯৫) ও হ্যাংগিং আপ (২০০০)।
কিটনের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ডায়ান ছিলেন অসাধারণ, প্রতিভাবান ও অনন্য এক নারী—তার চলে যাওয়ায় চলচ্চিত্রজগৎ এক উজ্জ্বল নক্ষত্র হারালো।”
মতামত দিন