বিনোদন
ছবি: সংগৃহীত

আমার স্ত্রী শোবিতাকে ছাড়া বাঁচতে পারবো না: নাগা চৈতন্য।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও শোবিতা ধুলিপালা এখন টলিউডে অন্যতম আলোচিত নাম। তাদের সহজ-সরল সম্পর্ক ও আন্তরিক রসায়নে মুগ্ধ ভক্তরা।
তবে অনেকের মতো কোনো সিনেমার সেটে নয়—এই জুটির প্রেমের শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

সম্প্রতি নাগা চৈতন্য জি৫-এর টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-তে হাজির হয়ে জানিয়েছেন তাদের প্রেমের গল্প। অভিনেতা বলেন, “আমরা ইনস্টাগ্রামে প্রথম কথা বলি। ভাবিনি, আমার জীবনসঙ্গীকে ওখানেই খুঁজে পাব। আমি আগে থেকেই ওর কাজ জানতাম। একদিন ওর ক্লাউড কিচেন নিয়ে পোস্টে আমি মন্তব্য করি, ও তাতে ইমোজি দিয়ে রিপ্লাই দেয়। সেখান থেকেই কথাবার্তা শুরু হয়, আর কিছুদিনের মধ্যেই দেখা।”

চৈতন্য বলেন, শোবিতা শুধু তার স্ত্রী নন, বরং জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম।

সাক্ষাৎকারে এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হয়—‘কোনো জিনিস ছাড়া আপনি বাঁচতে পারবেন না?’ বিনা দ্বিধায় তিনি উত্তর দেন, “আমার স্ত্রী শোবিতা।”

তবে দাম্পত্যে এক মজার ঘটনা নিয়েও তিনি হাসতে হাসতে বলেন, “‘থ্যান্ডেল’ ছবির একটি গান ‘বুজ্জি ঠাল্লি’ নিয়ে ও রেগে গিয়েছিল। আসলে ‘বুজ্জি ঠাল্লি’ ওর ডাকনাম। ও ভেবেছিল আমি পরিচালককে বলেছি গানটিতে এই নাম রাখতে। কয়েক দিন আমার সঙ্গে কথা বলেনি। পরে বুঝিয়ে বলায় মন ভালো হয়।”

নাগা চৈতন্য সর্বশেষ অভিনয় করেছেন রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘থ্যান্ডেল’ ছবিতে, যেখানে তিনি এক জেলের চরিত্রে অভিনয় করেন যিনি ভুলবশত পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেন।

বর্তমানে তিনি কাজ করছেন নতুন প্রজেক্ট ‘এনসি ২৪’-এ, যা পরিচালনা করছেন ‘ভীরুপাক্ষ’ খ্যাত কার্তিক বর্মা দান্ডু। এটি একটি মিথিক্যাল থ্রিলার, যেখানে চৈতন্যকে দেখা যাবে ধন অনুসন্ধানীর ভূমিকায়। ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল গত বছর তার জন্মদিনে।

মতামত দিন