বিনোদন
ছবি: সংগৃহীত

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, লন্ডনে চিকিৎসাধীন।

নিজেস্ব প্রতিবেদক: 

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এই তথ্য জানান।

ভার্চুয়াল বক্তব্যে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

মিরাজুল মইন জয় বলেন, বছরের শুরুতে বাবা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কথা বলার সময় তিনি আটকে যেতেন এবং বিষয়গুলি মনে রাখতে কষ্ট হতো। ৯ এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মাথার এমআরআই করা হয়, যা থেকে টিউমার ধরা পড়ে। ১৩ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে পরামর্শের পর ডাক্তাররা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে থাকায় সরাসরি অপারেশন ঝুঁকিপূর্ণ হবে।

পরিবার সিদ্ধান্ত নেন লন্ডনে চিকিৎসার জন্য। ২৬ এপ্রিল ২০২৫ ঢাকা ত্যাগ করে তিনি লন্ডনে পৌঁছান এবং হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভর্তি হন। তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি, কারণ এতে জীবনহানি বা প্যারালাইসিসের ঝুঁকি ছিল। অপারেশনের পর বাকি টিউমার রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হবে। এই ধাপ সপ্তাহে পাঁচ দিন করে ৬ সপ্তাহ চলবে, এরপর ৪ সপ্তাহ ডাক্তার পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসা শেষে অনুমতি দিলে ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে ফিরবেন।

মতামত দিন