রাজধানীতে হিরো আলমের ওপর সন্ত্রাসী হামলা, মুগদা হাসপাতালে ভর্তি।
রাজধানীর আফতাব নগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলা চালানো হয়।
রাত ১০টা ১৬ মিনিটে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, আফতাব নগরে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। তারা তাকে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় দেখা গেছে।
মতামত দিন