বিনোদন
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচনে কুমিল্লার কাউন্সিলর পদের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ আকবর।

নিজেস্ব প্রতিবেদক:

গানের মানুষ হলেও খেলাধুলার প্রতি আগ্রহ কখনো কমেনি আসিফ আকবরের। নব্বইয়ের দশকে ঢাকার প্রথম বিভাগ লিগে অংশগ্রহণের মাধ্যমে ক্রিকেট জীবনের সূচনা হলেও, স্কুলজীবন থেকেই কুমিল্লার মাঠে ব্যাট-বলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

গানে পথচলা শুরু হলেও ক্রীড়ার সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল।

এবার আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে লড়াই করবেন। নিজে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের দিকে আগ্রহী না হলেও, স্থানীয় সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনুরোধে তিনি প্রার্থী হয়েছেন।

আসিফ জানান, “ক্রিকেট এবং খেলোয়াড়দের প্রতি আমার সবসময়ই আবেগ আছে। কাউন্সিলর হওয়ার জন্য নিজে আগ্রহী না হলেও কুমিল্লার সংগঠক ও খেলোয়াড়দের বিশেষ অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, অনেক জেলা থেকে আসা পরিচালকরা মাঠে সরাসরি খেলার সঙ্গে যুক্ত নন। তবে তিনি নিজেকে ব্যতিক্রম হিসেবে প্রমাণ করতে চান। “কুমিল্লার তরুণরা বর্তমানে মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। মাদক এবং কিশোর গ্যাংয়ের সমস্যা বেড়েছে। যদি মাঠের পরিবেশ ফিরিয়ে আনা যায়, তরুণদের সঠিক পথে রাখা সম্ভব। প্রতিটি জেলায় প্রতিভার ঘাটতি নেই এবং নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ আছে।”

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই-ব্যালটের মাধ্যমে ভোট দেবেন আসিফ। তিনি বলেন, “আমার এখানে টানা ১৪টি শো রয়েছে। এর মধ্যে দুটি সম্পন্ন হয়েছে, বাকি ১২টি শো চলবে। গান আমার পেশা, তাই এটি চলবেই। তার মধ্য দিয়েই আমি ই-ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করব।”

মতামত দিন