অবশেষে দেশে মুক্তি পেল মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’।
আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর অবশেষে দেশে মুক্তি পেল মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে ছবিটি একযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
মা–মেয়ের সম্পর্কের টানাপোড়েন, হারানো বাবার শূন্যতা আর সীমাবদ্ধতার মধ্যে বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন, আর পরিচালকের আসনে আছেন নবীন নির্মাতা মাকসুদ হোসাইন। তার জন্য এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।
প্রথম সপ্তাহে ছবিটি চলছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি ও এসকেএস টাওয়ার শাখা, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং বগুরার মম ইন মুভি থিয়েটারে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, দর্শক প্রতিক্রিয়া ভালো হলে প্রদর্শনের পরিধি আরও বাড়ানো হবে।
ছবিটি নিয়ে আশাবাদী মেহজাবীন ও মাকসুদ দুজনেই। তাদের মতে, পরিবার, ত্যাগ আর বেদনার মিশেলে গড়া এই কাহিনি দর্শকের মনে দীর্ঘদিন রয়ে যাবে।
মেহজাবীন বলেন, “এটা শুধু মা–মেয়ের গল্প নয়। শৈশবের এক দুর্ঘটনা তাদের পুরো জীবন পাল্টে দেয়। সাবার চরিত্রে কাজ করার সময় দায়িত্ব, ভালোবাসা, হারানোর ভয়—সবকিছু একসঙ্গে অনুভব করেছি।”
ছবির কাহিনি এসেছে পরিচালকের পারিবারিক অভিজ্ঞতা থেকে। তার স্ত্রী ত্রিলোরা খানের বাস্তব জীবনের সংগ্রাম অবলম্বনে তৈরি হয়েছে গল্প ও চিত্রনাট্য।
এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। তিনি অঙ্কুর নামের এক চরিত্রে, যিনি সাবার জীবনে নতুন আলোর রেখা নিয়ে আসেন।
‘সাবা’ এর আগে টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি ও রেইনডান্সসহ বেশ কিছু মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।

মতামত দিন