ওয়েব সিরিজে আরিয়ানের চরিত্রকে নেতিবাচক দেখানোর অভিযোগে সমীরের মানহানি মামলা।
প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে ‘দ্য ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজে নিজের চরিত্রকে নেতিবাচকভাবে তুলে ধরার অভিযোগে মানহানি মামলা করেছেন। মামলাটি ভারতের দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে।
সমীরের অভিযোগ, সিরিজের নির্মাতারা ইচ্ছাকৃতভাবে তার খ্যাতি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। মামলায় অভিনেতা শাহরুখ খান ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং অন্যান্যদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ এবং মানহানি প্রতিকার চাওয়া হয়েছে।
মামলায় বলা হয়েছে, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ এনসিবি অফিসারের চরিত্রকে মজার ও সমালোচনামূলকভাবে দেখানো হয়েছে। সিরিজে উচ্চস্বরে পুলিশ অফিসার মাদকবিরোধী অভিযান চালানোর কথা বলেন, তবে পুরো চলচ্চিত্র শিল্পকে মাদকের সঙ্গে যুক্ত বলে অভিহিত করা হয়। সমীরের দাবি, চরিত্রটির পোশাক, গড়ন ও চুলের ধরনও তার সাথে মিল রয়েছে।
সমীর ওয়াংখেড়ে প্রযোজনা সংস্থার কাছ থেকে দুই কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি জানান, এই অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে দান করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেফতার করেছিল এনসিবি। ২৫ দিন সংশোধনাগারে থাকার পর আরিয়ান ছাড়া পান এবং ২০২২ সালে সব অভিযোগ থেকে অব্যাহতি পান। এই ঘটনা ওয়েব সিরিজে পুনরায় তুলে ধরা হয়েছে।
মতামত দিন