শাহরুখ স্যারের সঙ্গে করমর্দন করার পর থেকে আমি হাত ধুইনি: প্রকৃতি মিশ্র।
বলিউডে ৩৩ বছরের ক্যারিয়ার, অসংখ্য হিট ছবি আর কোটি ভক্তের ভালোবাসা—সবই পেয়েছেন শাহরুখ খান। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন তাঁর ঝুলিতে আসেনি।
শুধু তিনি নন, পুরস্কার কমিটির সদস্য ও ওড়িশার অভিনেত্রী প্রকৃতি মিশ্রও সেই মুহূর্তে আবেগ সামলাতে পারেননি। অনুষ্ঠান শেষে নিজের ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারের হাতে বহু প্রতীক্ষিত পুরস্কার তুলে দেব।”
শাহরুখকে উদ্ধৃত করে ‘ওম শান্তি ওম’-এর জনপ্রিয় সংলাপের ঢঙে তিনি লেখেন, “যদি তুমি কোনো কিছু মন থেকে চাও, তবে পুরো কায়নাত তোমাকে তা এনে দেয়।” তাঁর ভাষায়, এই জয় কেবল শাহরুখের নয়, বরং প্রতিটি ভারতীয় শিল্পীর অনুপ্রেরণা—যা স্বপ্ন দেখা, কঠোর চেষ্টা আর সাহসিকতার পথে এগিয়ে যেতে শেখায়।
শাহরুখের বিনয় ও কঠোর পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি যোগ করেন, “আপনার সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।” আর পোস্টের শেষে রসিকতা করে লিখেছেন, “পুরস্কার বিতরণীর দিন শাহরুখ স্যারের সঙ্গে করমর্দন করার পর থেকে আমি হাত ধুইনি।” এই মন্তব্যই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন প্রকৃতি মিশ্র। টেলিভিশনে তিনি পরিচিত ‘বিট্টি বিজনেসওয়ালি’, ‘লাল ইশক’ ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এর মাধ্যমে।

মতামত দিন