বিনোদন
ছবি: সংগৃহীত

৩০ বছরের অভিনয় জীবনে রানি মুখার্জির হাতে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি অবশেষে তার দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক মায়ের আবেগঘন সংগ্রাম ফুটিয়ে তোলার জন্য এই সম্মাননা দেওয়া হয় তাকে।

পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে রানি বলেন, “৩০ বছরের অভিনয় জীবনে এই প্রথম জাতীয় পুরস্কার পেলাম। সত্যিই অভিভূত। এটি ছিল আমার বাবার স্বপ্ন, যিনি আজ আমার পাশে নেই। তার আশীর্বাদ আর মায়ের শক্তিই আমাকে এই চরিত্রে প্রাণ দিতে সাহায্য করেছে।”

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে রানি বলেন, “আমার ভক্তরা সবসময় পাশে থেকেছেন, সুখে-দুঃখে শক্তি জুগিয়েছেন। এই পুরস্কার তাদেরও আনন্দ দেবে।”

একই সঙ্গে সহকর্মী ও নির্মাতাদের অবদানও স্মরণ করেন তিনি। “পরিচালক আশিমা চিব্বর, প্রযোজক নিকিল, মনীষা, মধু এবং পুরো টিমের সঙ্গেই আমি এই সম্মান ভাগ করে নিচ্ছি। ভারত ও এস্তোনিয়ার কাস্ট-ক্রুর অক্লান্ত পরিশ্রম ছাড়া এ চলচ্চিত্র সম্ভব হতো না। বিশেষত মহামারির কঠিন সময়েও সবাই হৃদয় ঢেলে কাজ করেছেন।”

সিনেমার গল্প প্রসঙ্গে রানি আরও বলেন, “এই পুরস্কার পৃথিবীর সব মায়ের জন্য উৎসর্গ করছি। ছবিটি এক অভিবাসী মায়ের সন্তানকে ফিরে পাওয়ার লড়াই নিয়ে, যা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন মা হিসেবে চরিত্রটি আমার কাছে খুব ব্যক্তিগত। আশা করি নারীদের অদম্য শক্তির প্রতীক হয়ে এটি দর্শকের মনে থাকবে।”

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত আশিমা চিব্বরের এই ছবিতে রানির সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, নীনা গুপ্তা ও জিম সার্ভ। সমালোচকরা ছবিটিতে রানির পারফরম্যান্সকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন।

মতামত দিন