সংগীতজীবন থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন তাহসান খান।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের হৃদয় জয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এক কনসার্টে ভক্তদের সামনে তিনি জানান, ধীরে ধীরে সংগীত জীবনের গতি কমিয়ে আনছেন।
তাহসান জানান, ‘এটাই সম্ভবত আমার শেষ কনসার্ট। মেয়ে বড় হচ্ছে, আর স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে এখন আগের মতো আর ভালো লাগে না। তাই ধাপে ধাপে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করছি।’
তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে তার সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট অনুসন্ধান করলেও পাওয়া যাচ্ছে না।
যদিও ‘অবসর’ শব্দটি স্পষ্টভাবে বলেননি, তবে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ভবিষ্যতে নিয়মিতভাবে মঞ্চে দেখা যাবে না তাকে।
২০০৪ সালে ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে তিনি একক কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এর আগে ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’ গঠন করেন এবং এই ব্যান্ডের মাধ্যমে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
২০১২ সালে নতুন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ গঠন করেন। নিজের স্টুডিও ‘কৃত্যদাসের আবাসে’-তে গান তৈরি ও রেকর্ড করছেন তিনি। তার কিছু জনপ্রিয় গান—‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’—এখনও ভক্তদের মধ্যে বিশেষ স্থান রাখে।
মতামত দিন