বিনোদন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের গ্রামে শিশু কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে স্কুলের আধুনিকায়ন।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের ছোট্ট গ্রাম গিলগিত-বালতিস্তানের দুই ভাই-বোন, মোহাম্মাদ সিরাজ ও মুসকান, তাদের ভিডিও কনটেন্টের মাধ্যমে কোটি মানুষের মন জয় করেছেন। গ্রামীণ জীবনধারা ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা তাদের মূল বিষয়বস্তু।

ভালোবাসা আর খ্যাতি কেবল নিজেদের জন্য ব্যবহার না করে, সিরাজ-মুসকান তা গ্রামের উন্নয়নে কাজে লাগিয়েছেন। পুরোনো, জরাজীর্ণ স্কুলটিকে অনুদান ও সহযোগিতার মাধ্যমে আধুনিক রূপে রূপান্তর করা হয়েছে এবং নামকরণ করা হয়েছে ‘জাকি একাডেমি’।

এক ভিডিও বার্তায় সিরাজের বাবা মোহাম্মদ তাকি জানান, স্কুলের পূর্বাবস্থার ভিডিওতে দেখা যায় শিশুরা খোলা আকাশের নিচে পড়াশোনা করছিল, কারও পায়ে জুতো বা যথাযথ ইউনিফর্ম নেই, মৌলিক সুযোগ-সুবিধার অভাব ছিল।

তাকি বলেন, “আমি চাইলে পরিবার নিয়ে ইসলামাবাদে চলে যেতাম, কিন্তু গ্রামের উন্নয়নে কাজ করতে এখানে থাকাই শ্রেয় মনে করেছি। আল্লাহ সিরাজকে খ্যাতি দিয়েছেন, সেটি গ্রামকে উন্নত করতে কাজে লাগানোই ছিল আমাদের লক্ষ্য।”

সিরাজের অর্থ দিয়ে কাজ শুরু হলেও, পরবর্তীতে আরও কয়েকজন দাতা স্কুলের আধুনিকায়নে অংশ নেন। বিশেষভাবে উল্লেখযোগ্য দাতা ফৌজিয়া জাকি ও তার ভাতিজি জেহরা জাইদ। সিরাজের বাবা এই উদ্যোগের মূল পরিচালনাকারী বলে স্থানীয়রা জানিয়েছেন।

সিরাজ ও মুসকানের কনটেন্টের যাত্রা শুরু হয় ২০২২ সালে। গ্রাম ঘুরে সরল ভাষায় জীবনযাপন ও মুসকানের সঙ্গে খুনসুটি দেখানোই ছিল ভিডিওর মূল আকর্ষণ। মাত্র চার মাসের মধ্যে তারা পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয়তা লাভ করেন।

মতামত দিন