ব্যারিস্টার হওয়ার স্বপ্ন জানালেন নুসরাত ফারিয়া।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শুধু অভিনয়েই নয়, মডেলিং, গান, সঞ্চালনা ও রেডিও জকিসহ বিনোদনের নানা অঙ্গনে কাজ করছেন। তবে এবার তিনি জানালেন, তার দীর্ঘদিনের ইচ্ছে ব্যারিস্টার হওয়ার।
সম্প্রতি কানাডার মন্ট্রিয়েল থেকে প্রচারিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়ে এ কথা জানান ফারিয়া। অনুষ্ঠানটির সঞ্চালক জায়েদ খান তাকে প্রশ্ন করেন— কোন স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে? উত্তরে ফারিয়া বলেন, ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল ব্যারিস্টার হওয়া। সেই স্বপ্ন পূরণে তিনি সবার দোয়া চান।
গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর সংক্ষিপ্ত সময় কারাগারে ছিলেন ফারিয়া। দুই দিন পর জামিনে মুক্তি পেলেও চার মাস ধরে এ বিষয়ে নীরব ছিলেন তিনি। জায়েদ খানের অনুষ্ঠানে এসে প্রথমবারের মতো এ প্রসঙ্গে মুখ খুলে বলেন, জীবনে এ ধরনের পরিস্থিতি একেবারেই কল্পনা করেননি।
তার ভাষায়, “যার জীবন শুধু স্কিন কেয়ার, মেকআপ, শপিং আর পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো— সেই জীবনে এমন হঠাৎ জটিলতা আসবে, কখনো ভাবিনি। কী করব, কীভাবে সামলাব—এসব ভেবে ভীষণ হতাশ হয়েছিলাম।” তবে একইসঙ্গে তিনি মনে করেন, কঠিন অভিজ্ঞতা মানুষকে আরও শক্তিশালী করে তোলে।
ফারিয়ার এই খোলামেলা মন্তব্য বিনোদন মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মতামত দিন