কিংবদন্তি লালনকন্যা ফরিদা পারভীনের শেষ বিদায় আজ।
লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদা পারভীনের মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন এক ঘণ্টা ধরে। এরপর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হবে তার প্রথম জানাজা। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। নিজের শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
ফরিদা পারভীনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক জানিয়েছেন।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে শুরু হয় তার পেশাদার সংগীতজীবন। টানা ৫৫ বছরের দীর্ঘ সংগীত ভ্রমণে অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে লালন সাঁইয়ের গান—‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’—তার কণ্ঠে শ্রোতাদের হৃদয়ে দাগ কেটেছে গভীরভাবে। তাই ভক্তরা ভালোবেসে তাকে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছেন।

মতামত দিন