বিনোদন
ছবি: সংগৃহীত

মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগ সাফা কবিরের বিরুদ্ধে,অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি আবারও সংবাদ শিরোনামে এসেছেন। গত বছর তাকে নিয়ে একটি বিতর্কিত অভিযোগ সামনে আসে, যা তার ক্যারিয়ারে ব্যাপক প্রভাব ফেলে।

শুধু সাফা নন, তানজিন তিশা ও মুমতাহিনা চৌধুরী টয়াও একই সময়ে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন।

দীর্ঘ আট মাস চুপ থাকার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বরং পডকাস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাফা। রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে তিনি অংশ নেন এবং ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সেখানে প্রথমবারের মতো মাদককাণ্ড সংক্রান্ত খবরের প্রতিক্রিয়া জানান তিনি।

সাফা কবির বলেন, ‘খবরটা দেখার পর আমি পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে, এটা কী ধরনের নিউজ—ঠিক বুঝতেই পারছিলাম না। এরপর আর কোনো আপডেট কেউ দিল না। কিন্তু খবর প্রকাশের পর আমার জন্য বিপদ শুরু হয়ে যায়। মিডিয়ার মেয়েদের নিয়ে যে নিউজ করা হয়েছিল, তারা কি একবারও ভেবেছে এ মেয়েদের জীবন কী হবে?’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া উচিত নয়, এবং প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেয়াও অন্যায়। আমরা হুজুগে অনেক কিছু করি, কিন্তু ভাবি না এই ধরনের কাজ মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমার মনে হয়, যেকোনো বিষয় করার আগে দুবার ভাবা উচিত।’

সংবাদ প্রকাশের পর একের পর এক কাজ হারাতে হয় সাফাকে। তিনি স্মৃতিচারণা করে বলেন, ‘খবরটি বৃহস্পতিবার আসে। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু বাতিল হয়ে যায়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এর সঙ্গে সম্পৃক্ত নই। কিন্তু প্রমাণ করার কিছু নেই, তাই বোঝানো ছাড়া কোনো উপায় ছিল না। সিনিয়র শিল্পীরাও বিতর্ক এড়িয়ে আমাকে সঙ্গে কাজ করতে চায়নি।’

সাফা কবির এই সময় শোবিজে কিছু বন্ধু পাশে থাকায় পরিস্থিতি সামলাতে পেরেছেন। তিনি বলেন, ‘আমার বন্ধুরা তখন পাশে ছিল। তৌসিফ মাহবুব বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান ও সিয়ামও মানসিকভাবে আমাকে সমর্থন দিয়েছে।’

মতামত দিন