পাঁচ বছর পর দেশে ফিরলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়িকা শাবানা।
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবানা আবারও স্বদেশে ফিরেছেন। প্রায় পাঁচ বছরের বিরতির পর তিনি দেশে এলেও কাটাচ্ছেন নিভৃত জীবনেই।
শাবানার দেশে শেষ আগমন ছিল ২০২০ সালের জানুয়ারিতে। তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ মিললে কিছু কাজ করতে চান। তার স্বামী ওয়াহিদ সাদিকও বলেছিলেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে শাবানা প্রযোজনায় ফিরতে পারেন। কিন্তু সেই আশা বাস্তবে রূপ নেয়নি; কিছুদিন পরই আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। তার আগের দেশে আসা ছিল ২০১৭ সালে।
শিশুশিল্পী হিসেবে শাবানার অভিনয়জীবনের শুরু ষাটের দশকে, চলচ্চিত্র ‘নতুন সুর’ দিয়ে। পরে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাদিমের সঙ্গে ‘চকোরী’ ছবিতে।
ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়ে হঠাৎ করেই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে স্বামী, সন্তান ও নাতি–নাতনিদের সঙ্গে নিউ জার্সিতেই স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলাদেশে আসেন শুধু নির্দিষ্ট সময়ের জন্য। এবার দীর্ঘ বিরতির পর আবারও নিজের মাটিতে পা রাখলেন এই কিংবদন্তি অভিনেত্রী।

মতামত দিন