ছেলে আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব-অপু।
কয়েকদিন আগে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। সেখানে তিনি প্রকাশ করেছিলেন সুপারস্টার শাকিব খানের আনন্দঘন মুহূর্তের ছবি, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।
ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করলেও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারেননি শাকিব খান। তবে বাবা হিসেবে তিনি সবসময় দায়িত্বশীল ছিলেন এবং দুই সন্তানের প্রতি সমান মনোযোগ ও যত্ন দেখিয়ে আসছেন। সম্প্রতি শেহজাদ খান বীরকে নিয়ে নিউইয়র্ক সফর করেছিলেন শাকিব-বুবলী, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।
এবার শিরোনামে এসেছে, ছেলে আব্রাম খান জয়কে নিয়ে তারা সিঙ্গাপুর যাচ্ছেন। ঢাকা শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটে যাওয়া কিছু নেতিবাচক ঘটনার কারণে অপু বিশ্বাস জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন। জানা গেছে, এই কারণে এবার জয়কে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে এবং সেখানে হবে তার স্কুল শিক্ষা। শাকিব খানও তাদের সঙ্গে থাকবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, “জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন সেখানেই থাকব।” দেশের বাইরে পড়ালেখার সিদ্ধান্ত নিয়ে তিনি আরও জানান, “এ বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে এটা বাইরে চলে এলো, তা জানা নেই। আমি সাধারণত এমন বিষয় নিজের মধ্যে রাখতে পছন্দ করি।”
সিঙ্গাপুরে স্থায়ী ঠিকানা গড়ে তোলার বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, এপ্রিল মাসে অপু জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং তখন থেকেই ভর্তি ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।

মতামত দিন