প্রকাশিত হলো শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স।
ঢাকার মানচিত্রকে পটভূমি করে আবছা আলোয় একদল মানুষ বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে— আর তাদের মাঝখানে দুহাতে দুটি পিস্তল প্রসারিত করে দাঁড়িয়ে আছেন শাকিব খান। পোস্টারের ভেতরে উঠে এসেছে রাজধানীর বিভিন্ন এলাকার নাম— উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার ও গেণ্ডারিয়া।
এভাবেই প্রকাশিত হলো শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ঘোষণাপত্র। ট্যাগলাইন রাখা হয়েছে— “ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা”। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যাড এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজনায় আত্মপ্রকাশ করছে। প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে কাজটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। টেলিভিশনের জনপ্রিয় এই নির্মাতা শতাধিক নাটক ও ডকু-ফিল্ম নির্মাণ করলেও এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
পরিচালক জানিয়েছেন, সিনেমাটি হবে ঢাকাকে কেন্দ্র করে নির্মিত একটি বড় ক্যানভাসের গল্প, যেখানে ৯০ দশকের রাজধানীর আবহ ফুটে উঠবে। ক্রাইম, অ্যাকশন, ভালোবাসা,পারিবারিক টানাপোড়েন— সবকিছুই একসঙ্গে মিশে থাকবে ছবির কাহিনিতে। তার ভাষায়, “গুলিস্তান থেকে গুলশান পর্যন্ত সব দর্শককে মাথায় রেখে লার্জার দ্যান লাইফ স্কেলে এই সিনেমা তৈরি হচ্ছে।”
শাকিব খানের বাইরে আর কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষ দিকে দেশের বাইরে ছবির শুটিং শুরু হওয়ার কথা এবং আগামী ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

মতামত দিন