বিনোদন
ছবি: সংগৃহীত

লাদাখে শুটিং স্থগিত,খাবারে বিষক্রিয়া অসুস্থ শতাধিক সদস্য; অনিশ্চয়তায় রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রণবীর সিং অভিনীত বহুল আলোচিত বলিউড ছবি ‘ধুরন্ধর’।  তবে হঠাৎ করেই বিপাকে পড়েছে নির্মাণকাজ।
লাদাখের লেহ অঞ্চলে শুটিং চলাকালে ছবির টিমের এক বড় অংশ অসুস্থ হয়ে পড়ায় শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট দুপুরের খাবার খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন ক্রু সদস্যরা। প্রথমে পেটে ব্যথা, পরে বমি, মাথাব্যথাসহ একাধিক উপসর্গ দেখা দেয়। মোট প্রায়  ৬০০ জন খাবার খেলেও গুরুতর অসুস্থ হন অন্তত ১২০ জন। তাদের মধ্যে কয়েকজনের ক্ষেত্রে হৃদ্‌রোগজনিত জটিলতাও দেখা দেয়।

অবস্থার অবনতি হলে দ্রুত সবাইকে স্থানীয় ‘সজল নারবু মেমোরিয়াল’ হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। ইতিমধ্যে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফলের ভিত্তিতে কারণ নিশ্চিত করা হবে।

অন্যদিকে, সম্প্রতি প্রকাশিত হয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক। চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক আদিত্য ধর। ছবিতে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপালের মতো জনপ্রিয় অভিনেতারাও রয়েছেন।

হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনা সিনেমার নির্ধারিত সময়মতো মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন