প্রিয় প্রয়াত স্ত্রী শেফালিকে স্মরণ করে বুকে ট্যাটু করালেন পরাগ ত্যাগী।
বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার প্রয়াণের দেড় মাস পেরিয়ে গেলেও টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগী এখনও স্ত্রীকে হারানোর বেদনা সামলাতে পারছেন না। স্মৃতিকে জীবন্ত রাখার জন্য তিনি নিজের বুকের বামে শেফালির মুখাবয়ব ট্যাটু করিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পরাগ এই আবেগঘন ট্যাটু করাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং মন্তব্য করেছেন, “এটাই সত্যিকারের ভালোবাসা।”
শেফালি ২৭ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে মারা যান। আচমকা এই ক্ষতি সামলানো কঠিন হয়ে পড়ে পরাগের জন্য। ১২ আগস্ট তাদের বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো তিনি প্রিয় মানুষটিকে ছাড়া দিন কাটান এবং সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তাও শেয়ার করেন।
শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি পরাগ। স্ত্রী শেফালির অসমাপ্ত ইচ্ছে পূরণে তিনি গড়ে তুলেছেন ‘শেফালি জরিওয়ালা রাইজ ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট’, যা কন্যাশিক্ষা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে।
ভক্তদের কাছে শেফালি-পরাগের এই সম্পর্ক এখন এক অনুপ্রেরণার উদাহরণ—হারানোর শোকের মধ্যেও যেখানে ভালোবাসা টিকে থাকে হৃদয়ে।

মতামত দিন