দীর্ঘ প্রতীক্ষিত ‘ধূমকেতু’ মুক্তি, প্রথম দিনে ২.১০ কোটি আয়।
টালিউডের জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলির অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২.১০ কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছেন দেব, তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারের মাধ্যমে।
দেব ক্যাপশনে লিখেছেন, “১০ বছরের পুরনো সিনেমা আজ ইতিহাস গড়লো।” হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ আগস্ট ভোর ৭টা থেকেই দর্শকরা হলমুখী হতে শুরু করেন। দীর্ঘ ৯ বছর পর দেব-শুভশ্রী জুটি আবার পর্দায় আসায় দর্শকরা আবেগে ভেসেছেন।
রানা সরকার প্রযোজিত ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ হয় ২০১৫ সালে। নানা জটিলতার কারণে সিনেমাটি এতদিন মুক্তি পায়নি।
দীর্ঘ সময় পরে এই জুটি আবারও পর্দায় একসাথে আসায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রসঙ্গত, সিনেমার শুটিংয়ের সময় দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কও ছিল দর্শকদের কাছে পরিচিত। সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছেন এবং তাদের দুই সন্তান রয়েছে। দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।

মতামত দিন