মন্দির থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ধূমকেতু’র শুভশ্রী–দেব মুহূর্ত।
দেব ও শুভশ্রী চ্যাটার্জি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু অবশেষে মুক্তি পেয়েছে। মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে উপস্থিত ছিলেন এই তারকা জুটি, যেখানে ঘটে এক মজার ঘটনা যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মন্দিরে পূজা দিতে বসে দেবের কাছে জিজ্ঞেস করা হয়, তিনি কার কার নামে পূজা দিতে চান। প্রথমে তিনি তার মা, বাবা এবং দিদির নাম উল্লেখ করেন। কিন্তু তালিকার শেষেই উঠে আসে তার বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রের নাম। গোত্র জানতে চাইলে দেব রসিক ভঙ্গিতে বলেন, “গোত্র মা জানেন।” এই সময় পাশে বসা প্রাক্তন সহ-অভিনেত্রী শুভশ্রী হাসি আটকালেও পারেননি। পরে দেব পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কেও মজার ছলে কিছু মন্তব্য করেন।
এই প্রাক্তন–বর্তমান মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেটিজেনরা মন্তব্য করছেন—কারও মতে “বাঙালির সাহসী নায়ক”, আবার কেউ লিখেছেন, “এমন দৃশ্য সিনেমাতেও দেখা যায় না।”
কেবল এটাই নয়, মন্দিরে দেব-শুভশ্রীর প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে ভাইরাল হয়। কখনও একসঙ্গে ধূপ-বাতি দিতে দেখা যায়, কখনও ভিড়ের মধ্যে শুভশ্রীকে সাহায্য করতে গাড়িতে তুলে নিয়ে যান দেব। এমনকি ছাদের প্রান্তে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে তাদের।
সব মিলিয়ে ধূমকেতু মুক্তির আগেই দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা ভক্তরা উপভোগ করছেন।


মতামত দিন