বিনোদন
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চলার ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি।

নিজেস্ব প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে সহায়ক হলেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকি ডেকে আনতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চলার ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত সোডিয়াম ব্রোমাইড সেবনের কারণে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হন।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এই ঘটনার তদন্ত করেন এবং এসিপি জার্নালে প্রতিবেদন প্রকাশ করেন। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি খাবারে লবণের বিকল্প খুঁজতে এআই-এর সাহায্য নেন। চ্যাটজিপিটি তাকে ক্লোরাইডের বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড গ্রহণের পরামর্শ দেয়, যা তিনি তিন মাস ধরে নিয়মিত সেবন করেন। কিন্তু চ্যাটজিপিটি তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোনো সতর্কবার্তা দেয়নি।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা যায়—প্রচণ্ড তৃষ্ণা থাকা সত্ত্বেও পানি পান করতে পারছিলেন না এবং হ্যালুসিনেশন শুরু হয়। প্রথমে চিকিৎসকরা মানসিক অসুস্থতার কারণে এমন পরিস্থিতি মনে করেন। পরে অ্যান্টি-সাইকোটিক ওষুধ ও ইন্ট্রাভেনাস ফ্লুইডের মাধ্যমে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয় এবং তিনি পুরো ঘটনা জানাতে পারেন।

চিকিৎসকরা জানান, ব্রোমাইড আগে উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহার হতো, তবে স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগে এর ব্যবহার ওষুধ হিসেবে বাতিল করা হয়েছে। বর্তমানে এটি সীমিতভাবে কিছু প্রাণীর চিকিৎসা ও শিল্পজাত পণ্যে ব্যবহৃত হয়।

তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেন। চিকিৎসকরা এই ঘটনার পর সবাইকে কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

মতামত দিন