মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা যাহের আলভীর।
মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার বা তা মুছে ফেলতে চাওয়া কারও সঙ্গে ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ২টা ৩৩ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান জানান।
পোস্টে যাহের আলভী স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘যারা ’৭১ অস্বীকার করে বা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, তারা স্বেচ্ছায় আমার ফ্রেন্ডলিস্ট ছাড়ুন। সে যদি পরিবার, আত্মীয়, বন্ধু, পরিচিত, ভক্ত কিংবা জেন-জি প্রজন্মের কেউ হয়—তবুও নয়।’
তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার বক্তব্যকে মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের প্রকাশ্য ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এটি প্রথম নয়—এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানি ধারাবাহিক প্রচারের বিরোধিতা করে আলোচনায় আসেন যাহের আলভী। তখন তিনি ঘোষণা দেন, কোনো টেলিভিশন চ্যানেল পাকিস্তানি সিরিয়াল প্রচার করলে সেই চ্যানেলের নাটকে তিনি অভিনয় করবেন না। তার মতে, বিদেশি ধারাবাহিক প্রচার দেশীয় অভিনয়শিল্পীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
টেলিভিশন ও ইউটিউব নাটকে দীর্ঘদিন অভিনয় করে আসা যাহের আলভী সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতে নিজের অবস্থান প্রকাশে বরাবরই সরব বলে পরিচিত।

মতামত দিন