আবারও আলোচনায় হানিয়া ও আসিম, করাচির কনসার্ট ঘিরে গুঞ্জন তুঙ্গে।
পাকিস্তানি তারকা হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি করাচিতে আসিমের একটি কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই পুরোনো গুঞ্জনকে নতুন করে আলোচনায় এনেছে।
শো’র প্রথম সারিতে বন্ধু ইয়াশমা গিলের সঙ্গে হানিয়াকে বসে কনসার্ট উপভোগ করতে দেখা যায়।আসিমের গাওয়া ‘তারাস্তি হ্যায় নিগাহেন’ গান চলাকালীন হানিয়ার মুখে ধরা পড়ে এক আবেগঘন অভিব্যক্তি। মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত হানিয়া ও আসিমের প্রেমের খবর নিয়ে সরগরম ছিল টাবলয়েডগুলো। কেউ কেউ তাদের ‘ড্রিম কাপল’ বলেও প্রশংসা করতেন। তবে ২০২০ সালে হানিয়া স্পষ্ট করে জানান, তারা কেবলমাত্র ভালো বন্ধু। এরপরে আসিমের মডেল মেরুব আলীর সঙ্গে বাগদানের খবর সামনে আসে। আগামী মাসেই সেই বিয়ের তারিখ নির্ধারিত।
কনসার্টে হানিয়ার উপস্থিতিকে কেন্দ্র করে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ পুরোনো জুটিকে আবারও একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কেউ আবার এটিকে সৌজন্যমূলক সম্পর্ক বলেই দেখছেন। কেউ লিখেছেন, “হাসিম আবার একসাথে? আমার মন ভরে গেছে!”, অন্য কেউ মত দিয়েছেন, “এটা শুধু পারস্পরিক সম্মান আর পেশাদারিত্বের বহিঃপ্রকাশ।”
তবে এখনও পর্যন্ত হানিয়া বা আসিম কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। যদিও হানিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ছবি ও একটি ইমোজি শেয়ার করে অনুরাগীদের জল্পনা আরও বাড়িয়ে তুলেছেন।

মতামত দিন