অপূর্বর প্রাক্তন স্ত্রীর আবেগঘন প্রতিক্রিয়া ঘিরে আলোচনা তুঙ্গে।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ব্যক্তিজীবন ফের উঠে এসেছে নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে এবার আলোচনার কেন্দ্রে তার প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতির আবেগঘন এক ফেসবুক পোস্ট।
সম্প্রতি অপূর্বর সঙ্গে তাদের সন্তান আয়ান ফারুকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর বাবার সান্নিধ্যে ছেলের উচ্ছ্বাস অনেককেই ছুঁয়ে গেলেও, কিছু ব্যবহারকারীর নেতিবাচক মন্তব্য ভীষণভাবে আঘাত করেছে অদিতিকে।
ফেসবুকে দেয়া এক পোস্টে অদিতি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “অনেকে হয়তো দেখেছেন, আয়ানের বাবা অনেকদিন পর দেশে ফিরে এসে তাকে চমকে দিয়েছে। মুহূর্তটি ছিল অসাধারণ। কিন্তু কিছু মন্তব্যে আমার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলা হয়েছে—যা খুব কষ্ট দিয়েছে আমাকে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আয়ান সবসময় আমার সঙ্গেই থাকে। ওর সুখ, ভালবাসা ও প্রয়োজনীয় যত্ন সব সময়ই নিশ্চিত করা হয়। ও যখন ইচ্ছে করে, তখন বা সপ্তাহান্তে বাবার সঙ্গে সময় কাটাতে যায়।”
সমালোচকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমাদের নিয়ে মন্তব্য করার আগে দয়া করে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। অপূর্ণ তথ্যের ভিত্তিতে কিছু বললে তা হৃদয়ভাঙা অভিজ্ঞতায় পরিণত হয়।”
পোস্টের শেষভাগে যারা সহানুভূতি ও ভালোবাসা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অদিতি।
উল্লেখ্য, ২০১১ সালের জুলাইয়ে অপূর্ব ও অদিতির বিয়ে হয়। আট বছর পর, ২০১৯ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। ছেলেসন্তান আয়ান মায়ের কাছেই বড় হচ্ছে।

মতামত দিন