অতিরিক্ত রোগা মডেল ব্যবহারে বিতর্কে জারা, বিজ্ঞাপন নিষিদ্ধ করল যুক্তরাজ্যে।
বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা সম্প্রতি দুটি বিজ্ঞাপনের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে। অভিযোগ, এসব বিজ্ঞাপনে যে মডেলদের উপস্থাপন করা হয়েছে, তাদের শারীরিক গঠন ‘অস্বাভাবিকভাবে রোগা’, যা তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক বার্তা ছড়াতে পারে।
ব্রিটিশ বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি (ASA) জানায়, তারা সম্প্রতি জারার দুটি বিজ্ঞাপন পর্যালোচনা করে দেখতে পায়, সেখানে মডেলদের শারীরিক অবয়ব ইচ্ছাকৃতভাবে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং জনস্বাস্থ্যবিষয়ক উদ্বেগের কারণ হতে পারে।
বিশ্লেষণে দেখা যায়, একটি বিজ্ঞাপনে আলো-ছায়ার কৌশলে মডেলের পা আরও সরু দেখানো হয়েছে।অন্য বিজ্ঞাপনে মডেলের হাড়গোড় বিশেষ করে গলার হাড় (collarbone) জোরালোভাবে তুলে ধরতে দৃষ্টিকটুভাবে ভঙ্গিমা তৈরি করা হয়েছে। এএসএ বলছে, এই চিত্রসমূহ স্বাস্থ্যহানিকর সৌন্দর্যের মানদণ্ড প্রচার করে।
এই অভিযোগের ভিত্তিতে সংস্থাটি বিজ্ঞাপনদুটি নিষিদ্ধ করে এবং জারাকে ভবিষ্যতের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেয়।
এদিকে জারা জানিয়েছে, তারা ইতোমধ্যে বিজ্ঞাপন দুটি সরিয়ে নিয়েছে। তাদের বক্তব্য, এসব মডেলের স্বাস্থ্যগত অবস্থা ছিল ভালো এবং ছবি তুলতে তারা চিকিৎসকের ছাড়পত্র পেয়েছিলেন। এছাড়া চূড়ান্ত ছবিতে খুব সামান্য এডিটিং করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, যুক্তরাজ্যে এর আগেও বিভিন্ন ব্র্যান্ডের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি মার্কস অ্যান্ড স্পেনসার-এর একটি বিজ্ঞাপন একই কারণে বাতিল করা হয়েছিল।

মতামত দিন