মারা গেছেন তামিল চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা মাধান বব।
চেন্নাইয়ের আদয়ার এলাকায় শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় প্রয়াত হয়েছেন তামিল চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা মাধান বব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
মাধান বব, যার আসল নাম এস কৃষ্ণমূর্তি, ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। অভিনয়ে প্রবেশের আগে সংগীত শিল্পী হিসেবে তার পরিচিতি ছিল। কর্মজীবনের শুরুতে একটি ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
১৯৮৪ সালে বালু মহেন্দ্র পরিচালিত ‘নিংগাল কেট্টাভাই’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার ফিল্মি যাত্রা শুরু হয়। মাধান ববের অভিনয়ের প্রেরণা ছিলেন বিখ্যাত কৌতুক অভিনেতা কাকা রাধাকৃষ্ণ।
দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’ ও ‘সেলুলয়েড’-এও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
ছোট পর্দাতেও বিশেষ সাফল্য অর্জন করেছেন মাধান বব। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের ভূমিকায় উপস্থিত বুদ্ধি ও রসবোধে দর্শকদের মন জয় করেছিলেন।
তার প্রয়াণে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।
মতামত দিন