কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী আটকের পর আট দিনের রিমান্ড।
কলকাতায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে শান্তা পাল নামে এক বাংলাদেশি মডেল ও অভিনেত্রীকে আটকের পর আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি রাখার অভিযোগে গত ৩০ জুলাই তাকে যাদবপুরের বিজয়গড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শান্তার কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র ঘিরে জালিয়াতির একটি মামলায় তদন্ত চলছে। কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শান্তার বিরুদ্ধে জাতীয় পরিচয় সংক্রান্ত জাল নথি তৈরির অভিযোগ অত্যন্ত গুরুতর। পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিন ধরেই তিনি পরিচয় গোপন রেখে ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে কলকাতায় বাস করে আসছিলেন।
তদন্তে পুলিশ জানতে পারে, তিনি ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন সরকারি কাগজপত্র তৈরি করেছেন। এমনকি এক প্রতারণা মামলার এজাহারে দেয়া ঠিকানাও মেলে না তার প্রকৃত বাসার সঙ্গে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তার বাসায় তল্লাশি চালায়। সেখানে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, শিক্ষাগত সনদ এবং একটি বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করা হয়।
কলকাতা পুলিশ এখন খতিয়ে দেখছে, কীভাবে তিনি এসব ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করলেন, এবং এই নথিগুলো আদৌ বৈধ কিনা। এ বিষয়ে কেন্দ্রীয় আধার কর্তৃপক্ষ (UIDAI), নির্বাচন কমিশন এবং রাজ্য খাদ্য দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।
শান্তা পেশাগত জীবনে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত। জানা গেছে, তিনি বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এবং ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দায় পা রাখেন। তামিল ভাষার একটি ছবিতেও তার অভিনয় করার তথ্য মিলেছে।
এছাড়া শান্তার স্বামীর বিরুদ্ধেও জাল নথির বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মতামত দিন