বিয়ের পর অভিনয় ছাড়ার ভাবনায় তানিয়া বৃষ্টি, লক্ষ্য বিদেশে স্থায়ী হওয়া।
ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি এবার নিজের অভিনয়জীবন নিয়ে স্পষ্ট পরিকল্পনার কথা জানালেন। বললেন, বিয়ের পর আর অভিনয়ে থাকবেন না তিনি।
সম্প্রতি একটি নাটকের সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানিয়া বলেন, “আমি মনে করি, ক্যারিয়ার আর সংসার একসঙ্গে টানা আমার পক্ষে কঠিন। তাই আগামী কয়েক বছর অভিনয়ে মন দিয়ে কাজ করে তারপর বিরতি নিতে চাই।”
তিনি আরও জানান, “ইচ্ছে আছে, বিয়ের পর দেশের বাইরে সেটেল হওয়ার। সে প্রস্তুতিও নিচ্ছি ধীরে ধীরে।”
এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীর সঙ্গে তানিয়ার প্রথম বিয়ে হয়েছিল। তবে সে সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদ হয় এক বছরের মাথায়।
পরবর্তীতে একাধিক সহশিল্পীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি সেগুলো গুজব বলে উড়িয়ে দেন। বলেন, “আমি যাদের সঙ্গে কাজ করি, তারা খুব কাছের মানুষ। সেখান থেকেই অনেক সময় ভুল বোঝাবুঝি হয়।”
অভিনয়জীবনের প্রিয় সহশিল্পীদের প্রসঙ্গে তানিয়া জানান, “মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়। নিলয় আলমগীরকে ভাইয়ের মতো দেখি।”
উল্লেখ্য, তানিয়া বৃষ্টি মূলত ভিট চ্যানেল আই প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসেন। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এখন পর্যন্ত নাটক ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করছেন তিনি।
মতামত দিন