বিনোদন
ছবি: সংগৃহীত

‌‌ট্রুডো-পেরির নৈশভোজ: বন্ধুত্ব, নাকি নতুন কিছুর শুরু?

নিজেস্ব প্রতিবেদক:

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ গায়িকা কেটি পেরি সম্প্রতি মন্ট্রিয়েলের একটি রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়েছেন। স্থানীয় সময় ২৮ জুলাই সন্ধ্যায় লে ভিওলোন নামের রেস্টুরেন্টে প্রায় দুই ঘণ্টা তাদের দেখা গেছে।

একজন স্থানীয় সংবাদকর্মী জানান, তারা নৈশভোজের সময় বেশ স্বাভাবিক ও শান্ত ছিলেন এবং অন্য অতিথিদের দ্বারা কোনোভাবেই বিরক্ত হননি। রেস্টুরেন্টের কর্মীরা এবং অতিথিরা বলছেন, তাদের মধ্যে কোনো রোমান্টিক মুহূর্ত চোখে পড়েনি।

তাদের ডিনারে টুনা, বিফ টারটার, লবস্টার ও অ্যাসপারাগাসের মতো বিভিন্ন ধরনের খাবার ছিল। প্রধান খাবার হিসেবে পরিবেশন করা হয় ল্যাম। শেফ ড্যানি স্মাইলস তাদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান এবং ডিনারের শেষে রান্নাঘরে গিয়ে পুরো কর্মী দলকে ধন্যবাদ জানান তারা।

কেটি পেরি সম্প্রতি তার দীর্ঘদিনের সঙ্গী অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে দীর্ঘদিনের দাম্পত্য জীবন থেকে বিচ্ছেদের ঘোষণা দেন এবং চলতি বছরে প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিয়েছেন।

ট্রুডোর পিতা সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো ছিলেন রোমান্টিক ব্যক্তিত্ব, যিনি নিজের কর্মজীবনে অনেকবার বিভিন্ন অভিনেত্রী ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।

বিশ্বখ্যাত কেটি পেরি ১৩ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন এবং ২০১০ সালের ‘টিনেজ ড্রিম’ অ্যালবামটি মাইকেল জ্যাকসনের রেকর্ড স্পর্শ করেছিল।

এই ডিনার নিয়ে এখনও পর্যন্ত ট্রুডো কিংবা কেটি পেরির কোনো মন্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে—এটি কেবল বন্ধুত্বপূর্ণ ডিনার নাকি নতুন কোনো সম্পর্কের সূচনা, তা সময়ই বলতে পারবে।

সূত্র: এপি

মতামত দিন