চিত্রনায়ক জসীমের কবরেই চিরনিদ্রায় ‘ওইনড’ ভোকাল রাতুল।
ব্যান্ড 'অর্থহীন'-এর ম্যানেজার এহসানুল হক টিটু গণমাধ্যমকে জানান, রাতুল শুধু ‘ওইনড’-এরই সদস্য ছিলেন না, বরং ‘অর্থহীন’-এর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। দাফনের সময় পরিবারের সদস্যদের পাশাপাশি সংগীতশিল্পী, বন্ধু, সহকর্মী ও ভক্তরাও উপস্থিত ছিলেন।
এর আগের দিন, রোববার (২৭ জুলাই) উত্তরার একটি জিমে শরীরচর্চা করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। পরে দ্রুত দুটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাতুলের সংগীতজীবনের শুরু ২০১৪ সালে, ‘ওয়ান’ নামের প্রথম অ্যালবামের মাধ্যমে। এরপর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘টু’। তার কণ্ঠ, বেজ গিটার এবং প্রযুক্তিগত দক্ষতায় ব্যান্ডটি অল্প সময়েই শ্রোতাদের মধ্যে জায়গা করে নেয়।
প্রয়াত অভিনেতা জসীমের দ্বিতীয় ছেলে রাতুল, সংগীতজগতে যেমন প্রতিভাবান শিল্পী ছিলেন, তেমনি দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও সমানভাবে সমাদৃত ছিলেন। বিশেষ করে ‘অর্থহীন’-এর ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবামে তার করা সাউন্ড ডিজাইন এখনও ভক্তদের কাছে প্রশংসিত।
রাতুলের অকালমৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে বহু শিল্পী ও শ্রোতা তাকে স্মরণ করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়।

মতামত দিন