বক্স অফিসে ঝড় তুলেছে 'সাইয়ারা': সাত দিনে আয় ছাড়াল ১৭২ কোটি রুপি।
বলা হয়ে থাকে, হৃদয়ের গভীরতম আবেগ ছুঁতে পারলে কোনো গল্পই আর কেবল গল্প থাকে না—তা হয়ে ওঠে অভিজ্ঞতা। ঠিক তেমনই এক অভিজ্ঞতার নাম হয়ে উঠেছে বলিউডের নতুন সিনেমা ‘সাইয়ারা’।
রোমান্স ও বিরহের সংমিশ্রণে গড়ে ওঠা ‘সাইয়ারা’ একটি সংগীতপ্রেমী তরুণ ও এক সাংবাদিকের জটিল সম্পর্কের গল্প। সিনেমার নায়ক কৃষ কাপুর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নবাগত আহান পান্ডে, আর তার বিপরীতে বাণী বাত্রা চরিত্রে রয়েছেন অনীত পড্ডা। মোহিত সুরি পরিচালিত এই সিনেমাটিই এই দুই অভিনয়শিল্পীর বলিউডে প্রথম বড় পর্দায় অভিষেক।
সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। মাত্র ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘সাইয়ারা’ ইতিমধ্যে সাত দিনের মাথায় ১৭২.৫০ কোটি রুপি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৩ কোটি টাকার সমান। প্রথম দিনেই সিনেমাটি ২১.৫ কোটি আয় করে চমক দেখায়। দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ২৬ ও ৩৫.৭৫ কোটি রুপি আয়ের মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে আসে সিনেমাটি। সপ্তম দিনেও আয় ছিল প্রায় ১৯ কোটি রুপি।
শুধু আর্থিক সাফল্য নয়, দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়াই প্রমাণ করে সিনেমাটি কতটা প্রভাব ফেলেছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে অনেকে সিনেমা দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে। অনেকে সিনেমার চরিত্রগুলোর মধ্যে নিজেদের খুঁজে পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন।
ছবিটির গান, বিশেষ করে শিরোনাম সংগীত 'সাইয়ারা' ইতিমধ্যে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে রয়েছে। সমালোচকরাও বলছেন, মোহিত সুরি তাঁর দীর্ঘ বিরতির পর ঠিক যেভাবে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হয়েছিল, 'সাইয়ারা' ঠিক সে প্রত্যাশাকেই অতিক্রম করেছে।
এখন প্রশ্ন একটাই—এই সাফল্য কোথায় গিয়ে থামবে? সিনেবোদ্ধাদের মতে, এই মুহূর্তে বলিউডে ‘সাইয়ারা’র কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ঈদ ও স্বাধীনতা দিবস সামনে থাকায় সিনেমার আয় আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
মতামত দিন