‘থ্রি ইডিয়টস’-খ্যাত শারমান যোশির সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধছেন তানজিন তিশা।
প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিপরীতে থাকছেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশি।
সিনেমাটির পরিচালক এম এন রাজ এবং কাস্টিং ডিরেক্টর শরিফ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তানজিন তিশা ইতোমধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চিত্রনাট্য ও প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পর সেপ্টেম্বরে শুরু হবে শুটিং।
রোমান্টিক গল্পে কলেজ প্রেম ও টানাপড়েন
গল্পে শারমান যোশিকে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে এবং তানজিন তিশা থাকবেন তাঁর ছাত্রী হিয়ার ভূমিকায়। দু’জনের চরিত্রের নাম—আবির ও হিয়া। প্রেম, সংসার আর বন্ধুত্ব—তিনটি স্তরেই আবর্তিত হবে গল্পের বাঁক।
চরিত্রগুলোর ভিন্ন মাত্রা তৈরি করবে অতীত ও বর্তমানের টানাপড়েন। জানা গেছে, আবিরের অতীতে প্রেম ছিল সুস্মিতার সঙ্গে, তবে পরে বিয়ে করেন হিয়াকে। গল্পে নতুন মোড় তৈরি হবে খায়রুল বাশারের উপস্থিতিতে।
এ সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায় ও বাংলাদেশের খায়রুল বাশার।
শারমানের উচ্ছ্বাস, তিশার নীরবতা
সিনেমাটি নিয়ে শারমান যোশি বলেন, “আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমা নিয়মিত দেখি। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকে কাজ করেছি। এবার সরাসরি বাংলা সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।”
তানজিন তিশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রথম শুটিং সেপ্টেম্বরে, মুক্তি ভালোবাসা দিবসে
‘ভালোবাসার মরসুম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে শুটিং, চলবে টানা ২৩ দিন। নির্মাতারা জানিয়েছেন, আগামী বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অভিনয়শিল্পীদের চূড়ান্ত তালিকা ও অন্যান্য বিস্তারিত ঘোষণা আসবে ৩০ জুলাই।
মতামত দিন