বিনোদন
ছবি: সংগৃহীত

উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকাবহ পরিবেশ, গান-মুক্তি স্থগিত করলেন সংগীতশিল্পী ইমরান।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু মানুষের প্রাণহানির এ ঘটনায় মুষড়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও।

এই দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় নিস্তব্ধতা। ঠিক এমন এক সময়ে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের একটি পোস্ট নেটিজেনদের দৃষ্টি কাড়ে। বুধবার (২৩ জুলাই) বিকেলে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ইমরান লেখেন, “দ্যা শো মাস্ট গো অন।”

তবে ক্যাপশনটি অনেকের কাছে বেদনাবিধুর সময়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। এক ভক্ত কমেন্টে অনুরোধ করেন, “ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।”

ইমরান সেই অনুরোধে সাড়া দিয়ে জবাব দেন, “এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।” এর আগে মঙ্গলবার (২২ জুলাই) নিজের একটি স্ট্যাটাসে ইমরান লেখেন, “ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।”

শুধু ইমরানই নন, ছোট পর্দার অভিনেতা আরশ খানও এই শোকাবহ পরিস্থিতিতে তার কোনো নাটক সম্প্রচার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি। আরও অনেক শিল্পী তাদের সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার ১৩ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। শিশুর প্রাণহানির এই ট্র্যাজেডি সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

মতামত দিন