পুরীর সৈকতে সৃজিত-সুস্মিতার ‘বিশেষ বন্ধুত্ব’, প্রেমের গুঞ্জন ঘিরে চর্চা তুঙ্গে।
ওড়িশার পুরীর সমুদ্রতীরে চলছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র শুটিং। তিন শতকের পটভূমিতে তিনটি প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি, যার চিত্রনাট্য সৃজিত গড়ে তুলেছেন ছয় বছরের পরিশ্রমে।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, সিনেমার কাজ করতে গিয়েই সৃজিত-সুস্মিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সৃজিত যখন প্রথম মঞ্চে ‘মার্ক্স ইন কলকাতা’ পরিবেশন করেন, তখন দর্শকসারিতে উপস্থিত ছিলেন সুস্মিতা। এরপর একাধিক বাংলা সিনেমার প্রিমিয়ারে, উৎসবে ও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। পরিচালকের ঘনিষ্ঠ মহলেও সুস্মিতার সখ্যতার কথা শোনা যাচ্ছে। এতদিন এসব নিয়ে খুব একটা চর্চা না হলেও, এবার তা প্রকাশ্যেই চলে এসেছে।
সম্প্রতি পুরীর সমুদ্রতীর থেকে সৃজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা। ছবির ক্যাপশনে লেখা— ‘স্যার চোখের মধ্যে।’ আর তাতেই শুরু নেটিজেনদের মন্তব্য-তীব্র প্রতিক্রিয়া। ছবিটিতে পরিচালক নিজেই লাভ রিয়্যাকশন দিয়েছেন, যা ঘিরে জল্পনার ঝড় আরও জোরালো হয়েছে।
পরিচালকের এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে জানিয়েছেন, সৃজিত-সুস্মিতার বন্ধুত্ব এখন আর সাধারণ পর্যায়ে নেই। বিষয়টি যে বিশেষ বন্ধুত্বের দিকে এগোচ্ছে, তা অনেকের চোখেই স্পষ্ট।
এদিকে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার বিভিন্ন চরিত্রের লুক ইতোমধ্যেই সামনে এসেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে বিনোদিনী রূপে, যিশু সেনগুপ্ত অভিনয় করছেন নিত্যানন্দ প্রভু চরিত্রে এবং ব্রাত্য বসু থাকছেন গিরীশচন্দ্র ঘোষ হিসেবে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে।

মতামত দিন