‘শুভদা’ সিনেমার স্মৃতিতে আবেগতাড়িত আনোয়ারা।
সম্মাননা গ্রহণ করে আনোয়ারা বলেন, “বাচসাস আমার নিজের পরিবারের মতো। আজকের এই সম্মান আমি সারাজীবন মনে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না।”
এরপর দীর্ঘ অভিনয়জীবনের মুক্তিপ্রাপ্ত প্রশংসিত সিনেমা ‘শুভদা’র প্রসঙ্গ টেনে আনোয়ারা বলেন, “এই ছবিতে মূলত সুচন্দা আপার অভিনয় করার কথা ছিল। কিন্তু একদিন চাষী নজরুল ইসলাম (চাষী মামা) হঠাৎ আমাদের বাসায় এসে অনুরোধ করেন একটি চরিত্র করে দেওয়ার জন্য। আমি রাজি হই না। পরে চাষী মামা আমাকে ফোনে সুচন্দা আপার সঙ্গে কথা বলান, তিনিও বিশেষভাবে অনুরোধ করেন। তখন আর না করতে পারিনি।”
ছবিতে রাজ্জাকের নাম শুনে তিনি ভেবেছিলেন রাজ্জাকই হবেন তার বিপরীতে নায়ক। কিন্তু শুটিং স্পটে গিয়ে চমকে যান—রাজ্জাক তাকে সম্বোধন করছেন ‘চাচি’ বলে! পরে জানা যায়, সিনেমায় তার চরিত্রের বিপরীতে অভিনয় করছেন বর্ষীয়ান শিল্পী গোলাম মোস্তফা। “তখন অবাকই হয়েছিলাম,” বলেন আনোয়ারা। “কিন্তু চরিত্রটা মন দিয়ে করেছি। পরে সেই কাজের জন্য অনেক পুরস্কারও পেয়েছি।”
চলচ্চিত্রে আনোয়ারার যাত্রা শুরু হয় ষাটের দশকে, অভিনেতা আজমের হাত ধরে। কুমিল্লার এই অভিনেত্রী ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘রাধা কৃষ্ণ’, ‘সখিনার যুদ্ধ’, ‘মরণের পরে’, ‘বাংলার বধূ’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৮ বার।
দীর্ঘ ক্যারিয়ারে একাধিক প্রজন্মের সঙ্গে কাজ করা আনোয়ারা আজও চলচ্চিত্র অঙ্গনে একজন শ্রদ্ধেয় নাম। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তাকে ঘিরে শিল্পী, সাংবাদিক, চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই ফিরে যান এক অনন্য সোনালি যুগের স্মৃতিতে।

মতামত দিন