কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব, বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া?
চমক এখানেই শেষ নয়—সিনেমাটিতে শাকিবের বিপরীতে বলিউডের গ্লোবাল সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়াকে নেয়ার সম্ভাবনা নিয়েও শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও প্রিয়াঙ্কা নিজে বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সিনেপাড়ায় আলোচনার তুঙ্গে বিষয়টি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শাকিব খানের সঙ্গে নির্মাতাদের প্রাথমিক আলাপ ও পারিশ্রমিক সংক্রান্ত আলোচনা প্রায় চূড়ান্ত। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা।
সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ এবং চিত্রনাট্য লিখছেন মেজবাউদ্দিন সুমন। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
নতুন এক নারী প্রযোজকের উদ্যোগে ছবিটি তৈরি হচ্ছে এবং প্রযোজনা প্রতিষ্ঠানটি চায়, ছবির আন্তর্জাতিক আবেদন বাড়াতে কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের বড় মাপের একজন অভিনেত্রীকে যুক্ত করা হোক। সেই হিসাবেই প্রিয়াঙ্কা চোপড়ার নামটি উঠে এসেছে।
চিত্রনাট্য ঘিরে তৈরি হচ্ছে রহস্যঘেরা এবং টানটান উত্তেজনার এক গল্প, যেখানে কালা জাহাঙ্গীরের উত্থান, ক্ষমতার খেলা ও শেষ পরিণতি তুলে ধরা হবে।
তবে শাকিবের পাশাপাশি অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন—তা এখনো গোপন রাখা হয়েছে।
সিনেমাপ্রেমীরা বলছেন, সত্যিই যদি প্রিয়াঙ্কা এই সিনেমায় যুক্ত হন, তবে এটি হতে পারে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা।

মতামত দিন