বিনোদন
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিনে মুক্ত অপু বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) দুপুরে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
শুনানি শেষে 
বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানিয়েছেন, আদালতে জামিননামা দাখিলের প্রক্রিয়ার অংশ হিসেবে তার মক্কেল স্বেচ্ছায় হাজির হয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, একই মামলায় গত মে মাসে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২০ মে তিনি জামিনে মুক্তি পান। ওই ঘটনার পর শোবিজ অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তির ওপর হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় দায়ের করা মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ অন্তত ১৭ জন তারকাকে আসামি করা হয়।

এছাড়া মামলায় অভিযোগ রয়েছে, আসামিরা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের অর্থনৈতিক সহায়তা প্রদানকারী হিসেবে কাজ করেছেন। মামলায় আরও ২৮৩ জন, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা—তাদেরও অভিযুক্ত করা হয়েছে।

মামলাটি নিয়ে এখনো ব্যাপক আলোচনা চলছে এবং মামলার তদন্তের অগ্রগতি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন