বিনোদন
ছবি: সংগৃহীত

ধর্ষণের দায়ে সাবেক কে-পপ তারকার সাড়ে তিন বছরের সাজা।

নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈল যৌন সহিংসতায় জড়িত থাকার দায়ে সিউলের একটি আদালত থেকে সাড়ে তিন বছরের কারাদণ্ড পেয়েছেন। একই অপরাধে তার  দুই সহযোগীকেও একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসির বরাতে জানা গেছে, এই মামলার তিন আসামিই আদালতে নিজেদের দোষ স্বীকার করেন। অভিযোগ অনুযায়ী, তারা একসঙ্গে এক চীনা নারী পর্যটককে পালাক্রমে যৌন নির্যাতন করেন। ২০২৩ সালের জুনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইতাওন এলাকার একটি বারে ভুক্তভোগীর সঙ্গে দেখা হয় অভিযুক্তদের। পরবর্তীতে মদ্যপান শেষে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে তাকে একটি ট্যাক্সিতে করে এক আসামির বাসায় নিয়ে যাওয়া হয়, যেখানে অপরাধটি সংঘটিত হয়।

আদালত এই ঘটনাকে ‘গুরুতর যৌন সহিংসতা’ হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, ভুক্তভোগী অচেতন থাকাকালীন সংঘবদ্ধভাবে এ অপরাধ ঘটানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার আইনে একে ‘ক্রমবর্ধমান ধর্ষণ’ হিসেবে গণ্য করা হয়।

তিন আসামির মধ্যে মুন তাই-ইল, যিনি তাঈল নামে পরিচিত, ছিলেন এনসিটি ব্যান্ডের সদস্য। অভিযোগ সামনে আসার পর তিনি ২০২৩ সালের আগস্টে ব্যান্ড থেকে সরে দাঁড়ান। আদালতের রায়ে বলা হয়েছে, অভিযুক্তদের অতীতে কোনো অপরাধ না থাকায় তাদের সাজার মেয়াদ কিছুটা কমিয়ে আনা হয়েছে।

তিনজনকেই কারাদণ্ডের পাশাপাশি যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক ৪০ ঘণ্টার কাউন্সেলিং কর্মসূচিতে  অংশ নিতে হবে বলে আদেশ দিয়েছে আদালত।

এনসিটি ব্যান্ডটি ২০১৬ সালে আত্মপ্রকাশ করে এবং দ্রুতই আন্তর্জাতিক জনপ্রিয়তা পায়। তাদের একাধিক গান স্থান পায় বিলবোর্ড তালিকাতেও। তবে এই মামলার রায় ব্যান্ডের সাবেক সদস্যদের আচরণ নিয়ে  নতুন করে বিতর্ক তৈরি করেছে।

মতামত দিন