‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে আইনি নোটিশ।
এই নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম)। মঙ্গলবার (৮ জুলাই) নাটক সংশ্লিষ্ট ছয়জন ব্যক্তি ও একটি প্রযোজনা প্রতিষ্ঠানকে এ নোটিশ পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।
নোটিশে যাদের বিবাদী করা হয়েছে, তারা হলেন—নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস।
আইনি নোটিশে বলা হয়, সিজন-৫ এর প্রথম আটটি পর্বে বেশ কিছু সংলাপ রয়েছে যেগুলো সমাজে অশ্লীলতা ছড়ায় এবং কিশোরদের মধ্যে ভুল বার্তা প্রেরণ করে। বিশেষ করে ‘উনিশ/বিশ’, ‘ডেট’, ‘টাকা হলে সীসা খেতে পারতাম’, ‘দই’, ‘ফিমেল’ ইত্যাদি শব্দ ব্যবহার করে দৃশ্যগুলো পারিবারিক পরিবেশের জন্য অনুপযুক্ত করে তুলেছে বলে দাবি করা হয়।
আইনজীবীর মতে, এসব সংলাপ এখন তরুণদের মুখে ঘুরে বেড়াচ্ছে, যা সমাজে রুচির অবক্ষয় সৃষ্টি করছে। একই সঙ্গে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ ও অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭–এর স্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ তোলা হয়েছে।
নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে বিতর্কিত পর্ব ও সংলাপগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমির একটি পুরোনো সাক্ষাৎকার উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন নাটকটি সব বয়সী দর্শকদের জন্য নির্মিত। তবে নোটিশদাতা এটিকে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন।
২০১৭ সালে শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি তরুণ সমাজের দৈনন্দিন জীবন ও বন্ধুত্বকে কেন্দ্র করে নির্মিত। আগের সিজনগুলো জনপ্রিয়তা পেলেও পঞ্চম মৌসুম শুরুর পর থেকেই ভাষা ও বিষয়বস্তু নিয়ে দর্শকের একটি বড় অংশ বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছে।

মতামত দিন