বিনোদন
ছবি: সংগৃহীত

মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’: স্মৃতিচারণায় জাহিদ হাসান।

নিজস্ব প্রতিবেদক:

১৭ বছর হয়ে গেছে চিত্রনায়ক মান্না পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তবু তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসায়। ভক্তদের হৃদয়ে এখনো অমলিন হয়ে আছেন এই জনপ্রিয় নায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত মান্নার সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক ও স্মৃতিচারণ করেছেন অভিনেতা জাহিদ হাসান। তার চোখে মান্না ছিলেন একেবারেই ব্যতিক্রমী—“বাংলাদেশের জেমস বন্ড”।

জাহিদ হাসান বলেন, একবার উপস্থাপনার সময় তিনি মজা করেই মান্নাকে বলেছিলেন, ‘তুমি আমাদের দেশের পিয়ার্স ব্রসনান।’ মান্নার চালচলন, বডি ল্যাংগুয়েজ আর পর্দার ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় ছিল যে তাকে দেখে সত্যি জেমস বন্ড মনে হতো। তিনি বলেন, “মান্নাকে আমি একবার বলেছিলামও, তোকে দেখলে বিদেশি হিরোর মতো লাগে।” এই মন্তব্যে মান্না শুধু হেসে দিয়েছিলেন।

শুধু পেশাগত সম্পর্কই নয়, ব্যক্তিগত জীবনেও তাদের বন্ধুত্ব ছিল চমৎকার। একবার লন্ডন সফরের একটি ঘটনা স্মরণ করে জাহিদ হাসান বলেন, “মাত্র তিন-চার দিন ফাস্ট ফুড খেয়ে হাল ছেড়ে দিলেন মান্না ভাই। তিনি বললেন, আর না, আমি ভাত খাবই। অবস্থা এমন দাঁড়াল, প্রায় চারশ কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে আমরা একটা জায়গায় গেলাম, যেখানে ভাত পাওয়া যায়। আমি তো অবাক! বললাম, ভাই এটা কী? এত কষ্ট করে শুধু ভাত খেতে যাবেন? মান্না ভাই শুধু বললেন, ‘ভাত খাব তো, বুঝো না!’ ”

জাহিদ হাসানের কথায় স্পষ্ট, জনপ্রিয়তা কিংবা নায়কসুলভ ভাবনায় আবদ্ধ ছিলেন না মান্না। তিনি ছিলেন সরল, বাস্তব একজন মানুষ—মাটির কাছাকাছি থাকা এক অসাধারণ তারকা।

মতামত দিন