আগামী ঈদে নতুন অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান।
টিভি নাটক, ওটিটি কনটেন্ট ও ডকুমেন্টারি নির্মাণে খ্যাতিমান আবু হায়াত মাহমুদের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্র হতে যাচ্ছে, যেখানে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খানকে।
চুক্তিবদ্ধ হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২ জুলাই (বুধবার) রাতে রাজধানীর একটি ফাইভ-স্টার হোটেলে। নতুন এ সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’, যার প্রযোজক শিরিন সুলতানা।
গল্প ও চিত্রনাট্যের পেছনে রয়েছেন মেজবাহ উদ্দিন সুমন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও পরিচালক এখনই সিনেমা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি নন। তিনি বলেন, “এটা একটা বিগস্ক্রিন অ্যাকশন মুভি হতে যাচ্ছে, যা দর্শকদের ‘লার্জার দ্যান লাইফ’ অভিজ্ঞতা দেবে।”
নায়িকা কে হচ্ছেন, কিংবা বাকি অভিনয়শিল্পী কারা থাকবেন—সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সূত্রমতে, ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামে সিনেমাটির প্রাথমিক নাম ভাবা হচ্ছে এবং এতে শাকিব খানকে ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে দেখা যাবে।
অভিনয়ে তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিমের অংশগ্রহণের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। নির্মাতা জানিয়েছেন, বাকি তথ্য আনুষ্ঠানিকভাবে শিগগিরই প্রকাশ করা হবে।
২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

মতামত দিন