বিনোদন
ছবি: সংগৃহীত

শাকিব খানকে ঘিরে প্রেমের গুঞ্জনে ফের মিষ্টি জান্নাত।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জনে জড়ালেন অভিনেত্রী ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একসঙ্গে তোলা ছবি পোস্ট করেই এই আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে মিষ্টি জান্নাত ক্যাপশনে লেখেন, ‘সেই প্রথম বার’, সঙ্গে ছিল তিনটি ভালোবাসার ইমোজি। এরপরই জল্পনা শুরু হয়—শাকিব খান ও মিষ্টি জান্নাতের মধ্যে কি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে?

এর আগে গত বছর শাকিব খানের বিয়ে নিয়ে আলোচনা উঠেছিল। গুঞ্জন ছিল, একজন চিকিৎসককে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সে সময় সন্দেহের কেন্দ্রে ছিলেন মিষ্টি জান্নাত। যদিও বিষয়টি নিয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, পরে বিষয়টি ধামাচাপাও পড়ে যায়।

সম্প্রতি রোববার মধ্যরাতে আরও তিনটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে শাকিব খানের সঙ্গে কাছাকাছি অবস্থানে রয়েছেন তিনি। ওই পোস্টেও লেখা ছিল ‘লাভ লাভ’, যার সঙ্গে ছিল হৃদয়ের ইমোজি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর কাজ করেছেন একাধিক ছবিতে। রুপালি পর্দার বাইরে তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত। চিকিৎসক হওয়ার সুবাদেই শাকিব খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

তবে শাকিব খান কিংবা মিষ্টি জান্নাত কেউই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। ফলে গুঞ্জন থাকলেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে ঘিরে  নেটিজেনদের কৌতূহল ও আলোচনা এখন তুঙ্গে।

মতামত দিন