বিনোদন
ছবি: সংগৃহীত

‘মেগাস্টার’ শব্দে আপত্তি জাহিদ হাসানের, শাকিব খান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জাহিদ হাসান জনপ্রিয় নায়ক শাকিব খানকে ঘিরে ‘মেগাস্টার’ ট্যাগ ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ছবি ‘উৎসব’ বক্স অফিসে সাফল্যের মুখ দেখায় তিনি এ মন্তব্য করেন।

এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, “শাকিব খানকে নিয়ে সবসময় ‘মেগাস্টার’, ‘সুপারস্টার’—এমন নানা উপাধি ব্যবহার করা হয়। অথচ আমরা যারা অভিনেতা, তাদের সাধারণত চিত্রনায়ক বলেই ডাকা হয়। কেন এই পার্থক্য? একজন অভিনেতাকে আগেই কোনো ট্যাগ দিয়ে দেওয়া কতটা যুক্তিসংগত?”

তার ভাষায়, কোনো শিল্পীর জনপ্রিয়তা নির্ধারিত হওয়া উচিত দর্শকের ভালোবাসা দিয়ে, পূর্বনির্ধারিত খেতাব দিয়ে নয়।

শাকিব খানের এবারের ঈদ রিলিজ ‘তাণ্ডব’ প্রথমে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহ পেলেও দ্রুতই অনেক হলে প্রদর্শন বন্ধ হয়ে যায়। এ নিয়ে জাহিদ হাসান শেক্‌সপিয়রের একটি উদ্ধৃতি টেনে বলেন, “কিছু হয়ে যাওয়া নয়, হয়ে থাকা বড় কথা।"

তিনি ব্যাখ্যা করে বলেন, “প্রথম সপ্তাহে অনেক হলে মুক্তি পাওয়া, কিন্তু সপ্তাহখানেক পর সেসব হল থেকে নামিয়ে দেওয়া—এটা তো একরকম অসম্মানজনকও। তাই যতটা সম্ভব বিনয়ের সঙ্গে পথচলা দরকার।”

তবে সবশেষে জাহিদ হাসান পরিস্কার করে দেন, তার মন্তব্যের লক্ষ্য কোনো ব্যক্তি আক্রমণ নয়। তিনি বলেন, “সব সিনেমার সফলতা কামনা করি। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’—সবই তো আমাদের চলচ্চিত্র। দর্শক হলে ফিরলেই তো সিনেমা জেগে উঠবে। প্রতিটা ছবিরই ভালো করা জরুরি।”

মতামত দিন